ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তৃতীয় পক্ষের বিক্রেতাদের ওপর ৩ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত জ্বালানি ও লজিস্টিক সারচার্জ আরোপ করার ঘোষণা দিয়েছে অ্যামাজন।
চলতি মাসের শেষের দিকে এ নতুন চার্জ কার্যকর হবে। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে পাঠানো এক ই-মেইল বার্তায় অনলাইন কেনাকাটার এ শীর্ষ প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যামাজন জানায়, ১৭ এপ্রিল থেকে তাদের ‘ফুলফিলমেন্ট সার্ভিস’ ব্যবহারকারী অধিকাংশ বিক্রেতার জন্য এ অস্থায়ী চার্জ কার্যকর হবে। প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে জানায়, বর্তমানে জ্বালানি ও পরিবহন খাতে অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় পুরো শিল্প খাতে পরিচালনার ব্যয় অনেক বেড়েছে। এতদিন এ বাড়তি খরচ অ্যামাজন নিজে বহন করলেও পরিস্থিতি বিবেচনায় এখন অন্যান্য বড় কুরিয়ার সার্ভিসের মতো তারাও সাময়িক সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিক্রেতারা যারা ‘ফুলফিলমেন্ট বাই অ্যামাজন’ সুবিধা গ্রহণ করেন, তাদের ওপর এ চার্জ প্রযোজ্য হবে। পরবর্তী সময়ে ২ মে থেকে ‘বাই উইথ প্রাইম’ ব্যবহারকারী বিক্রেতাদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে। অ্যামাজন দাবি করেছে, অন্যান্য বড় প্রতিষ্ঠানের তুলনায় তাদের এ চার্জের পরিমাণ অনেক কম।
উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে জ্বালানির মূল্য বাড়তে থাকায় ইউপিএস ও ফেডএক্সের মতো বড় প্রতিষ্ঠানগুলোও এরই মধ্যে সারচার্জ বাড়িয়েছে। এমনকি মার্কিন ডাক বিভাগও ২৬ এপ্রিল থেকে ৮ শতাংশ সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।
এ জাতীয় আরো খবর..